দৌলতপুর প্রেসক্লাবের সভাপতির পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আহত ১
দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম. মামুন রেজার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
মামুন রেজা জানান, তার নাতি রাফিক আহমেদ (২৬) নিজ জমির করলা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে একই এলাকার আব্দুর জব্বারের ছেলে রাজা ও প্রজা, এবং রাজার ছেলে সুমন ও প্রজার ছেলে নিশান অতর্কিতভাবে হামলা চালায়।
হামলাকারীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রফিককে গুরুতর আহত করে।
রফিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মামুন রেজা আরও জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের শত্রুতা চলে আসছিল। এর আগেও তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































